সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে এই প্রাণহানির ফলে চলতি বছরের প্রাদুর্ভাবে মোট মৃতের সংখ্যা এক হাজার ২০১ জনে পৌঁছেছে। সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের হাম পরিস্থিতি সংক্রান্ত এই সর্বশেষ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, গত এক দিনে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ৩৫ জন শিশুর শরীরে নতুন করে হাম শনাক্ত করা গেছে। এছাড়া একই সময়ে হামের নানা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে মোট এক হাজার ৩০৭ শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তির সার্বিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে এক হাজার ৯৭ জন শিশু। অন্যদিকে এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু। সব মিলিয়ে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৩ হাজার ১৫৭ জনের। মোট আক্রান্তদের মধ্যে এক লাখ ৯০ হাজার ৬৬৩ জন হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে এক লাখ ৮৩ হাজার ৪২ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।