ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মারা যাওয়া ৪ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুইজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন, যার সংখ্যা ৩৬৩ জন। এছাড়া খুলনা বিভাগে ২৫৩ জন, রাজশাহী বিভাগে ২৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩১ জন, চট্টগ্রাম বিভাগে ২২০ জন, বরিশাল বিভাগে ১৯২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪৮ জন, রংপুর বিভাগে ৯৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।