নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী। মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া এলাকায় জাহেদা ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিতদের উদ্ধারে কাজ শুরু করে। বাসটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যাওয়ার কারণে বেশ কিছু যাত্রী ভেতরের দিকে আটকা পড়েন। ফলে উদ্ধারকর্মীদের ভেতরে আটকে পড়াদের বের করে আনতে বেশ বেগ পেতে হয়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

উদ্ধার হওয়া আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস।

এদিকে দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি সড়কের ওপর পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে কাজ শুরু করে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে মহাসড়কের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যান।