পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নেশার টাকা না পেয়ে মা সূর্য বানুকে (৫৫) ধান কাটার কাঁচি দিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে উদ্দিন সরদার (২৭)। নিহত সূর্য বানু ওই গ্রামের লোকমান হোসেন সরদারের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় মা সূর্য বানু বাড়িতে রান্না করছিলেন। এ সময় মাদকাসক্ত ছেলে উদ্দিন মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছেলে তার মায়ের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং রান্নাঘরে ব্যবহৃত ধান কাটার কাঁচি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে বেলা ১১টার দিকে জনৈক আব্দুল হাকিমের বাড়ি থেকে ঘাতক ছেলে উদ্দিনকে আটক করে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার কাজে ব্যবহৃত ধান কাটার কাঁচিটি উদ্ধার করা হয়েছে। ঘাতক উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে এবং নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।