মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহান শেখ (২০) নামের এক তরুণ মেকানিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান শেখ শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ইটখোলা বাজিতপুর গ্রামের মো. শহীদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শেখপুর বাজারে শাহিন হাওলাদারের দোকানে মোটরসাইকেল ধোয়ার কাজ করছিলেন সোহান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহান শেখ নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এখানে আসার পরে পরীক্ষা করে দেখা যায়, আগেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে সোহানের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। শিবচর থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় একজনকে শিবচর হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে খবর পাই, সেখানে তার মৃত্যু হয়েছে।