আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনী পথে কেউ বাধার সৃষ্টি করলে দলে তার কোনো জায়গা হবে না। তিনি জানান, স্থানীয় নির্বাচনে কাজ করার বিষয়ে প্রধানমন্ত্রী নিজস্ব কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে দিকনির্দেশনা দেবেন। দলের ভেতর থেকে যারা এই নির্দেশনা অমান্য করে 'মুনাফেকি' করবেন, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না।
নির্বাচনে জয়ের ওপর গুরুত্বারোপ করে আসাদুজ্জামান বলেন, দল এবার 'উইনিং ক্যান্ডিডেট' বা জয়ী হওয়ার মতো প্রার্থী খুঁজছে। দলের বড় কোনো নেতা হলেও যদি তার পরাজয়ের সম্ভাবনা থাকে, তবে তাকে মনোনয়ন দেওয়া হবে না। তিনি প্রশ্ন রাখেন, দল ক্ষমতায় না থাকলে বড় নেতা বা ভালো মানুষ হওয়ার কোনো মূল্য নেই।
দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। সিদ্ধান্তের বাইরে কেউ কাজ করলে বা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আমার আছে এবং আমরা সবকিছুর ওপর নজর রাখছি।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।