ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ধর্মকে ব্যবহার করে দেশে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, 'ধর্ম যার যার, দেশটা সবার'—এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে একসঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
মঙ্গলবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও শাড়ি বিতরণ করেন।
ফকির মাহবুব আনাম বলেন, দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতির পরিবেশে উদ্যাপনের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। তিনি আরও যোগ করেন, সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা আমাদের দায়িত্ব। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবাহান ও উপজেলা বিএনপির সম্পাদক এনামুল হক ভিপি। এ ছাড়া ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, হিন্দু ঐক্যফ্রন্টের সভাপতি নিরঞ্জন চন্দ্র সাহাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে মন্ত্রী মধুপুর উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।