ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সময়ে তাচ্ছিল্যপূর্ণ ও উপহাসমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক শ্রুতিরাজ চৌধুরীর বিরুদ্ধে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাবলীকে কেন্দ্র করে নিজের ফেসবুক ওয়ালে বেশ কয়েকটি মন্তব্য করেন শ্রুতিরাজ। গত সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের খবর প্রকাশের পর তিনি লেখেন, ‘ইশরাক ভাইয়ের ব্যাপারটা নিয়ে আবার হাদি ভাইকে ভুলে যাবেন না, এদিকেও খেয়াল রাখতে হবে!’ এর আগেও ফুটবলে আর্জেন্টিনার একটি বিজয়ের পর তিনি পোস্ট করেছিলেন, ‘হাদি ভাই থাকলে আজ ফ্যাসিস্ট আর্জেন্টিনা জিতত না।’ তা ছাড়া গত ২৪ মে চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিফ রহমান এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হলে সেই পরিস্থিতি টেনে শ্রুতিরাজ লেখেন, ‘সামগ্রিক এই ক্যাচাল আর বিভ্রান্তির ভিড়ে আমরা যেন হাদি ভাইকে ভুলে না যাই। জাস্টিস ফর হাদি।’
অভিযোগের মুখে পড়া শ্রুতিরাজ চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থী। তিনি চবি সপ্তম চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ছাত্রীবিষয়ক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
এসব ফেসবুক পোস্টের প্রসঙ্গে জানতে চাইলে শ্রুতিরাজ চৌধুরী জানান, ওসমান হাদির মৃত্যুর আগে তাকে অনেকেই চিনতেন না এবং মৃত্যুর পরই মূলত মানুষের মনে আবেগ তৈরি হয়। হাদি হত্যাকাণ্ডের পর তার নাম ও ছবি ব্যবহার করে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি দাবি করেন, বিরোধী পক্ষ হাদিকে অতিরিক্ত মূল্যায়নের চেষ্টা চালাচ্ছে। তার ভাষ্য, ‘আমি সততার সঙ্গেই বলছি—আমার কখনোই মনে হয়নি হাদি এমন অসাধারণ কেউ ছিলেন, যাকে জাতির পিতা হতে হবে কিংবা বাঙালি জাতির অবিসংবাদিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।’
হাদির ছবি ও নাম ব্যবহার করে খোলা এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে করা অশালীন মন্তব্যের পেছনে হাদির সরাসরি কোনো দায় রয়েছে কি না—এমন প্রশ্নে শ্রুতিরাজ বলেন, এতে হাদির সরাসরি কোনো দোষ নেই। আসল সমস্যাটা হলো তার নাম ও ছবিকে কাজে লাগিয়ে নারীদের অশালীন বক্তব্যের মাধ্যমে হয়রানি করা হচ্ছে। তিনি মন্তব্য করেন, কেউ যদি হাদিকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে চান, তবে তার বিষয়ে সঠিক ও গঠনমূলক তথ্যই প্রকাশ করা উচিত।