রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের ঘটনায় বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এই ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার তিনি পদত্যাগ করেছেন। এই পদত্যাগ ও তার কর্মকাণ্ড নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, মাদক সমাজ ও দেহকে ধ্বংস করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে ইশরাক হোসেন যা করেছেন, তিনি হয়তো ভালো নিয়তেই করেছিলেন। তার কাজের উদ্দেশ্যকে নেতিবাচক বলার সুযোগ নেই। তবে তিনি মন্তব্য করেন, তার হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো।

শফিকুর রহমান আরও বলেন, কোনো কাজের উদ্দেশ্য ভালো হলেই সব ক্ষেত্রে সেই কাজের পদ্ধতি গ্রহণযোগ্য হয়ে যায় না। এ ধরনের বিষয় নাগরিক আচরণের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে, ওই অভিযানে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। যদিও ইশরাকের কাজের ব্যাপারে সরাসরি আপত্তি করার কিছু নেই, তবে অনেকেই এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহারের চেষ্টা করতে পারে।

মাদক নির্মূলের বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরে তিনি বলেন, সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন পাশ হয়েছে। তবে তাদের লক্ষ্য শুধু মাদক নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়, তারা মাদক নির্মূল করতে চান। মাদকের বিস্তার রোধে আইন প্রণয়নের পাশাপাশি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের ঘটনায় বিতর্ক ও সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন।