রাজধানীর হাজারীবাগে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন এ জে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় শতাধিক ব্যক্তি হঠাৎ কার্যালয়ের সামনে জড়ো হয়। তারা শুরুতেই আশপাশের বাড়ির সিসি ক্যামেরাগুলো অকেজো করে দেয়। এরপর মুখোশ ও হেলমেট পরিহিত একদল সন্ত্রাসী দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের প্রাণনাশের হুমকি দেয়। হামলাকারীরা গুদামের ভেতরে ঢুকে ডিভিআর ও সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। তারা আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি বেশ কিছু ল্যাপটপসহ কয়েক লাখ টাকার পণ্য লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

এ জে আর কুরিয়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দুই বছর আগে শিকদার গ্রুপের সঙ্গে চুক্তির মাধ্যমে তারা এই জমিটি ভাড়া নিয়ে সেখানে প্রধান গুদাম ও কার্যালয় নির্মাণ করেছিল। চুক্তি অনুযায়ী এতদিন শিকদার গ্রুপকেই তারা ভাড়ার টাকা পরিশোধ করে আসছিল। তবে হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের জানায়, শিকদার গ্রুপের মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে এবং এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে। এই ভাড়া না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় তারা।

এই ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। উল্লেখ্য, এই কার্যালয় থেকে প্রতিদিন চার শতাধিক গাড়ি সারা দেশে পণ্য আনা-নেওয়ার কাজ করে থাকে।

হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ত্রাসীরা শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম ব্যবহার করে এই হামলা ও হুমকি দিয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে তিনি জানিয়েছেন।

কার্যালয়টি থেকে প্রতিদিন ৪০০ গাড়ি সারা দেশে পণ্য আনা নেওয়ার কাজ করে।