নরসিংদীর রায়পুরা উপজেলায় একের পর এক নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বয়সী পাঁচজনের লাশ উদ্ধারের ঘটনা স্থানীয়দের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। নিখোঁজ হওয়ার পর কেন তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না এবং এসব হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, তদন্তের এক পর্যায়ে দেখা গেছে যে, কিছু হত্যাকাণ্ডের পেছনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্য কাজ করেছে। অপরাধীরা অটোরিকশা ছিনতাই করার জন্য চালকদের হত্যা করছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও স্বস্তি পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে নিখোঁজ হওয়ার পর শেষ পর্যন্ত তাদের লাশ উদ্ধারের ঘটনা ঘটায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক আরও ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।