পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান পৌঁছেছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে জ্বালানি বহনকারী বিশেষ গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।

এর আগে ভোর ৪টা ৫৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ঈশ্বরদীর উদ্দেশে রওনা হয় ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি। ঢাকা থেকে পাবনা পর্যন্ত সড়কপথে সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কড়া প্রহরা নিশ্চিত করা হয়। জ্বালানিবাহী বহরের নিরবচ্ছিন্ন ও নিরাপদ যাতায়াত বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ যানবাহন ও পথচারী চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একাধিক দায়িত্বশীল সূত্র ইউরেনিয়ামের দ্বিতীয় চালান পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ না করায় রাশিয়া থেকে চালানটি ঠিক কবে বাংলাদেশে এসে পৌঁছেছিল, তা জানা যায়নি।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর একই ধরনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালানটি রূপপুর কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য চলতি বছরের মধ্যেই পর্যায়ক্রমে আরও সাতটি জ্বালানির চালান রূপপুরে পৌঁছানোর কথা রয়েছে।