নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজার গাছসহ মো. রেজাউল করিম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ঢুষপাড়া (পশ্চিমপাড়া) গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত রেজাউল করিম ওই গ্রামের মো. আমজেদ প্রামানিকের ছেলে।

লালপুর থানা সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) আল মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে রেজাউল করিমের বসতবাড়ির পশ্চিম পাশে রান্নাঘরের পেছনের পুকুরপাড়ে অভিযান চালান। ওই স্থান থেকে একটি গাঁজার গাছসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।