দুর্নীতি প্রতিরোধের উপায় নিয়ে কথা বলতে গিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে। তিনি স্পষ্ট করেন যে, দুর্নীতি বন্ধের প্রথম শর্তই হলো রাজনৈতিক নেতৃত্ব ও নেতৃবৃন্দকে শুদ্ধ হওয়া; অন্যথায় এই প্রচেষ্টায় ব্যর্থতা অনিবার্য।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সাথে ওই সভায় উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারী শিক্ষক ও সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
শিক্ষার্থীদের মাদকাসক্তি ও বর্তমান প্রজন্মের চ্যালেঞ্জের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে ডিল করা শিক্ষকদের জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে। এই প্রজন্ম মাদকের দিকে ঝুঁকে পড়ছে, তাই তাদের মাদক থেকে সরিয়ে আনতে নতুন করে চিন্তাভাবনা ও শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
নিয়োগ দুর্নীতি ও শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা নিয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়োগের ক্ষেত্রে টাকা-পয়সার লেনদেন হলে কাউকে কোনো ছাড় দেয়া হবে না। এছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষকের সাথে দুর্ব্যবহার বা প্রধান শিক্ষকের লুটপাটের সাথে জড়িত হওয়ার মতো বিষয়গুলো সহ্য করা হবে না বলে তিনি জানান।
শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি শাখার সভাপতি ও দিগনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক তাজনুর রহমান ডাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, মাদরাসা শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, কলেজ শিক্ষক প্রতিনিধি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলাম।