ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফিককে নিজ বাড়িতে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই হামলার ঘটনাটি ঘটে। শফিক শ্যামগ্রামের নিজাম উদ্দিনের ছেলে এবং ওই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আমির হোসেন বাবুলের ছোট ভাই।
ঘটনার বিবরণ দিয়ে শফিকুল ইসলাম শফিক জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে রাত ১২টার দিকে তিনি বাড়িতে ফেরেন। এরপর রাত আড়াইটার দিকে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘরের দরজা খুলে সিঁড়িতে পা দিতেই তিনি আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তদের দেখতে পান। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। তবে কোনো আঘাত পাওয়ার আগেই তিনি দ্রুত ঘরে ঢুকে দরজা আটকে দেন এবং চিৎকার শুরু করেন। শফিকের চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠলে দুর্বৃত্তরা বাড়ির পাশের খাল পার হয়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা তাদের পরনের টি-শার্ট ও শর্ট প্যান্টের সঙ্গে থাকা এক জোড়া জুতা ও একটি গামছা ফেলে রেখে যায়।
শফিকের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শফিকুল ইসলামের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের কেউ তাকে হত্যার পরিকল্পনা করেছিল। বিষয়টি আগেভাগে টের পাওয়ায় তিনি প্রাণে বেঁচে গেছেন বলে তারা মনে করছেন। শফিকের বড় ভাই মরহুম আমির হোসেন বাবুলের জীবদ্দশাতেও তিনি এমন একাধিক হামলার শিকার হয়েছিলেন। এ অবস্থায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা দাবি করেছেন।
এ ঘটনায় বুধবার দুপুরে শফিকুল ইসলাম শফিক নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।