কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় ট্রেনটির ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরুর নির্ধারিত সময় থাকলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত তা সম্ভব হয়নি। দীর্ঘ সময় ট্রেনটি প্ল্যাটফর্মে আটকে থাকায় স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান। তিনি জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পার হয়ে গেলেও ট্রেনটি কখন ছাড়বে বা ইঞ্জিন সচল হতে আর কত সময় লাগবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের ফলে ট্রেনটির পরবর্তী চলাচলের সময়সূচিতেও বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।