রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সাজেক ভ্যালিতে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের এই ঘোষণার ঠিক আগমুহূর্তে বুধবার বিকেলে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল। সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি শুরু হবে। এর আগে শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে এবং বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এই অবরোধ স্থগিত রাখা হয়েছিল।
সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচির কথা নিশ্চিত করেছেন। জেলা প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং স্থানীয় সংগঠনগুলোর সড়ক অবরোধের ঘোষণায় সাজেকগামী পর্যটকদের যাতায়াত নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার পর্যটকবাহী যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে পর্যটকদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি সাজেক ভ্রমণের পরিকল্পনা থাকলে যাত্রার আগে প্রশাসন ও পরিবহনসংশ্লিষ্ট সূত্র থেকে সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।