কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতের কবলে পড়ে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যটকদের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন এলাকায় গোসলে নামলে ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সক্ষম হন।
ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে পুলিশি তল্লাশি অব্যাহত রয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের পুলিশ সুপার নিশাদ এঞ্জেলা জানিয়েছেন, তারা ঘটনার খবর পেয়েছেন। তবে নিহত ও নিখোঁজ পর্যটকদের সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য পুলিশের একটি টিম কাজ করছে।