সাভার ট্যানারি শিল্পনগরীর দীর্ঘদিনের পরিবেশগত ও ব্যবস্থাপনাগত সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি। কমিটির পক্ষ থেকে শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি অবিলম্বে শতভাগ কার্যক্ষম করার পাশাপাশি চামড়া খাতের বহুমুখী সমস্যা সমাধানে একটি স্পষ্ট ও যুগোপযোগী রোডম্যাপ তৈরির সুপারিশ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব, এমপির সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ছাড়াও কমিটির সদস্য বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, আবুল কালাম, হেলেন জেরিন খান, হামিদুর রহমান, মোহাম্মাদ কামাল হোসেন, গাজী এনামুল হক, আব্দুল মুনতাকিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিগত সরকারের আমলে চামড়া শিল্পের ক্ষয়ক্ষতি, বর্জ্য ব্যবস্থাপনা এবং রপ্তানি বহুমুখীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সদস্য গাজী এনামুল হক বৈঠকে উল্লেখ করেন যে, পর্যাপ্ত চামড়া সংগ্রহ থাকা সত্ত্বেও সঠিক প্রসেসিংয়ের অভাব এবং উপযুক্ত দাম না পাওয়ায় এ খাতটি চরম পিছিয়ে পড়েছে।

চামড়া শিল্পের উন্নয়নে গৃহীত কার্যক্রম সম্পর্কে বাণিজ্য সচিব জানান, বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১০টি সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করবে।

সিইটিপির বর্তমান অবস্থা নিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর জানান, এটি পুরোপুরি অকার্যকর নয়, তবে এর ধারণক্ষমতা ২৫ হাজার ঘনমিটার থেকে কমে ১৪-১৫ হাজার ঘনমিটারে নেমে এসেছে। তিনি আরও জানান, সিইটিপির মূল সমস্যা হলো ক্রোমিয়াম রিকভারি ব্যবস্থার অভাব এবং এটি সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যেই ইতালীয় একটি কোম্পানির মাধ্যমে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হয়েছে।