জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন আগামী ১০ বছরেও শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

বিগত শাসন আমলের নির্বাচনী পরিবেশের চিত্র তুলে ধরে স্পিকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছিল, যেখানে সভ্য ও যোগ্য মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল না। নির্বাচন করার যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও অযোগ্য, অসৎ এবং নিকৃষ্ট মানুষের দাপটের কারণে ভালো প্রার্থীরা মাঠে নামার সাহস পেতেন না। ফলে বিত্ত-বৈভব ও জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ভালো মানুষের পক্ষে নির্বাচন করা সম্ভব হয়নি।

নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ কোনো সুষ্ঠু নির্বাচন দেখতে পায়নি। সে কারণে আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি। নির্বাচন কমিশনের এমন একটি পদ্ধতি বেছে নেওয়া উচিত, যাতে অবাধ নির্বাচন নিশ্চিত করা ছাড়া অন্য কোনো বিকল্পের সুযোগ না থাকে।

ভোলা জেলার প্রাকৃতিক গ্যাস সম্পদ ব্যবহারের বিষয়ে স্পিকার বলেন, দেশজুড়ে এখন তীব্র জ্বালানি সংকট চলছে, যার কারণে অর্থনৈতিক ও স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে এবং সেখানকার গ্যাস ব্যবহার করার প্রথম অধিকার ভোলার মানুষেরই। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে স্থানীয় উন্নয়নের কাজে এই গ্যাস ব্যবহারের সুযোগ দেওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনকালে ভোলার জেলা প্রশাসক ড. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসারসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১৩: ৫৯আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৪: ০১