নরসিংদীর মাধবদীতে অবস্থিত কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলের একটি বয়লার বিকল হয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মিলটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ ঘটনায় পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হানের নেতৃত্বে শুরুতে দুটি ইউনিট কাজ করলেও পরে সদর থেকে আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছিল।