খুলনায় এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত তরুণীর নাম খুশি (২৪)। তিনি জিন্নাহ পাড়া এলাকার খোকন শেখের মেয়ে এবং সুমন সরদারের স্ত্রী। এই হত্যাকাণ্ডের ঘটনায় মিরাজ নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাহ পাড়া এলাকায়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় খুশি তার মায়ের সঙ্গে জিন্নাহ পাড়া এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় মিরাজ নামের ওই যুবক সেখানে উপস্থিত হয়ে খুশির মায়ের সঙ্গে সালাম বিনিময় করেন এবং কথা বলা শুরু করেন।
কথা বলার একপর্যায়ে মিরাজ তার কাছে থাকা পিস্তল বের করে খুশির মাথায় ও শরীরে গুলি করেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত কোনো বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বর্তমানে পুলিশ এই ঘটনার তদন্ত ও অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে।