ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দানু হাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই বাড়ির মো. শাহিনের মেয়ে মাহা (৬) এবং আব্দুল গনির মেয়ে তানহা (৬)। সম্পর্কে তারা আপন ফুফু ও ভাতিজি।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে শিশু দুটি বাড়ির পুকুর ঘাটে গোসল করতে গিয়েছিল। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে মাহার মরদেহ ভেসে ওঠে। এরপর তানহার সন্ধানে স্বজনরা পানিতে নামলে পুকুরের গাছের ডালের সঙ্গে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের ধারণা, গোসল করার সময় পুকুর ঘাট থেকে পা পিছলে তারা পানিতে পড়ে ডুবে গিয়েছিল।
একই বাড়ির দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার দুটিতে শোকের মাতম চলছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।