জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকবিরোধী এক যৌথ অভিযানে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকার একটি পুকুরপাড়ে এই অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন কালাই উপজেলার পাঁচগ্রাম এলাকার মো. দেলোয়ার হোসেন (৩৫) ও মো. ছানোয়ার হোসেন (৩২), দেওগ্রাম এলাকার আঞ্জমান (৩২) এবং আফিয়া ফেরদৌসী মিম (২৫)।
অভিযান শেষে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থল থেকে ১৮০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০২টি কুপিজেসিক ইনজেকশন, দুটি স্মার্টফোন এবং নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৭ হাজার ৬১০ টাকা। এর মধ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য ৫৪ হাজার টাকা, ইনজেকশনের মূল্য ৩০ হাজার ৬০০ টাকা এবং স্মার্টফোন দুটির মূল্য ৬০ হাজার টাকা।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় সূত্র এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বিজিবির অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে দুটি টহল দলের পাশাপাশি অভিযানে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ তাদের কালাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।