ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে দর্শনা পরিবহণের এক যাত্রীবাহী বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি বেপরোয়া গতিতে চলার সময় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া আহত অবস্থায় ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকি পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার করা তিনজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।