আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ২০২৭ সালের আসরকে সামনে রেখে দলটির প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ড। গত সপ্তাহে মাহেলা জয়াবর্ধনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির সম্পর্কচ্ছেদের পর তাঁর স্থলাভিষিক্ত হলেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষে ২০২৩ সালের আসরের আগেই ক্রিকেট থেকে অবসর নেন পোলার্ড। অবসর নেওয়ার পর গত চার মৌসুম ধরে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার তাঁকে দলের প্রধান কোচ হিসেবে উন্নীত করা হয়েছে। ২০১০ সালে প্রথমবার মুম্বাইয়ের সঙ্গে খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই দলটির সঙ্গে পোলার্ডের দীর্ঘদিনের সম্পর্ক। এছাড়া ফ্র্যাঞ্চাইজির সহযোগী দলগুলোর সঙ্গেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।
খেলোয়াড় হিসেবে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মুম্বাইকে পাঁচবার আইপিএল শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন পোলার্ড। এছাড়াও ২০১১ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়েরও অংশ ছিলেন তিনি। আইপিএলে ১৮৯ ম্যাচ খেলে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩,৪১২ রান করার পাশাপাশি বল হাতে ৬৯ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। ২০২২ সালে শেষবার খেলোয়াড় হিসেবে মাঠে নামার পর তিনি ব্যাটিং কোচের ভূমিকায় যুক্ত হয়েছিলেন।
নতুন দায়িত্ব নিয়ে পোলার্ড বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পাওয়াটা তাঁর জন্য দারুণ সম্মানের। তিনি মনে করেন, এই দল তাঁর জীবন ও ক্যারিয়ারের একটি বিশাল অংশ। খেলোয়াড় ও ফ্যানদের সঙ্গে তাঁর বন্ধন অত্যন্ত অর্থবহ এবং নীল-সোনালি জার্সি গায়ে জড়ানোর দায়িত্ব কতটা বড় তা তিনি ভালোভাবেই বোঝেন। তিনি আরও জানান, খেলোয়াড় ও সহায়ক স্টাফদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে দলের ঐতিহ্য সমৃদ্ধ করতে চান এবং সমর্থকদের জন্য উদযাপনের মুহূর্ত উপহার দিতে উন্মুখ হয়ে আছেন।
পোলার্ডের নিয়োগ নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের নীতা আম্বানি বলেন, মুম্বাইয়ের জার্সি গায়ে চড়ানোর গুরুত্ব পোলার্ড ভালোভাবেই জানে। নতুন দায়িত্বেও সে একই প্রতিশ্রুতি, বিশ্বাস ও দৃঢ়তা বজায় রাখবে বলে তিনি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং পোলার্ডের এই নতুন অধ্যায়ে তাঁর নেতৃত্ব সফল হোক বলে আশাবাদ ব্যক্ত করেন।