গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন শৈলান এলাকায় অবস্থিত সুপ্রিম গার্মেন্টসের একটি কার্টুন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। কারখানার ভেতরে বিপুল পরিমাণ খালি কার্টুন থাকায় আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায় এবং তা চারদিকে ছড়িয়ে পড়ে।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন, আগুনের খবর পাওয়ার পরপরই কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে সারাবো ফায়ার সার্ভিসের আরও ছয়টি ইউনিটসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা সম্ভব হয়নি।