প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে তাকে স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় হাততালি দিয়ে সমর্থন জানাতে দেখা যায়। এ ঘটনার প্রেক্ষিতে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ইউএনও গোলাম রব্বানী সরদার সাংবাদিকদের বলেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ একই সঙ্গে তিনি তার এ বক্তব্যের অংশটুকু ক্লিপ করে সারা দেশে ভাইরাল করে দেওয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।

সম্প্রতি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনে যান। সেখানে উপস্থিত লোকজনের উদ্দেশে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানই প্রার্থী হিসেবে থাকবেন এবং উপস্থিত সবাইকে তাকেই ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় দুই মিনিটের বেশি স্থায়ী ওই বক্তব্যের বিভিন্ন পর্যায়ে পাশে বসে থাকা ইউএনও গোলাম রব্বানী সরদারকে হাততালি দিয়ে সমর্থন জানাতে দেখা যায়।

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে ইউএনও গোলাম রব্বানী সরদার বলেন, ‘তাহলে লিখে দেন, এমপির সঙ্গে ইউএনও নির্বাচনি প্রচারণায়। আপনি শোনেন, এভাবে বলেন যে ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ। ঠিক আছে?’ তিনি আরও দাবি করেন, ‘যে সরকার থাকত, যে দলের সরকার থাকত, আমি সেই দলেরই নেতা। বোঝা গেছে মেসেজটা? আমার দল আছে। আমার দল কী? সরকারি দল। আমার আদর্শ সরকারি দলের আদর্শ।’

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘তাহলে আপনার ওই অংশটুকুই খালি ক্লিপে বের করেন আর লিখে দেন, যাতে করে আমি একটু ভাইরাল হই সারা দেশে। আই ওয়ান্ট টু বি ভাইরাল, ওকে? এগুলোর বাইরে যাওয়ার ক্ষমতা আমার কেন, আমার সেক্রেটারিরই নাই, আমার ডিসি স্যারের নাই, আমার কমিশনার স্যারের নাই। পরিষদের আমি প্রশাসনিক কর্মকর্তা। সব কাজ সংসদ সদস্যকে জিজ্ঞেস করে করতে হবে। চিঠি আছে আমার কাছে, দেখবেন আপনি?’

একজন সরকারি কর্মকর্তার এমন আচরণের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম। তিনি বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা কীভাবে একজন এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দিতে পারেন? যেখানে এমপি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজনকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, সেখানে ইউএনও অতিউৎসাহী হয়ে সবার আগে হাততালি দিয়ে সমর্থন জানাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।’