ফ্রান্সজুড়ে আবারও সরকারবিরোধী বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, শনিবার বিক্ষোভের জেরে অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে দেশটির অন্তত তিনটি শহরে পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
গত সপ্তাহান্তে দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিবিসি জানিয়েছে, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়েছে এবং সমাবেশ ও বিভিন্ন স্থাপনা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে কিছু নির্দিষ্ট এলাকায় শর্তসাপেক্ষে বিক্ষোভের অনুমতি দেয়া হয়েছে।
বিক্ষোভের আগে প্যারিসে পুলিশের অভিযানে অস্ত্র ও গ্যাস মাস্ক জব্দ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ জানিয়েছে, শহরের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এরপরেও রাজধানীসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের ক্ষোভ ও রাজনৈতিক অসন্তোষ স্পষ্ট দেখা যাচ্ছে।
গত সপ্তাহান্তে দেশজুড়ে দাঙ্গা ও লুটপাটে হাজার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই সময় ২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে নিরাপত্তা জোরদার করা হলেও বিক্ষোভ থামানো সম্ভব হয়নি। শনিবারের বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।