মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফেই গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১৭ ডলার অতিক্রম করে, যা চলতি বছরের গত এপ্রিলের পর সর্বোচ্চ দর। অবশ্য দিনের শেষ ভাগে দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ১১৬ ডলারের ওপরে স্থির হয়।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরানের সংঘাত শুরু হওয়ার আগে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার। তবে সম্প্রতি তেহরানের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি তাদের ওপর নতুন করে কোনো সামরিক হামলা চালায়, তবে পাল্টা জবাব হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল শোধনাগার, সাবমেরিন ক্যাবল, ডাটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রগুলোতে আক্রমণ চালানো হবে। এই হুমকির পরপরই বিশ্বজুড়ে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে।

বাজার বিশ্লেষকদের মতে, আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ওয়াশিংটন ও তেল আবিব ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে নতুন করে সামরিক অভিযান চালাতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ার পর বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা জোরদার করেছে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ পারাপারে ধারাবাহিক ঝুঁকি ও আইআরজিসির সাম্প্রতিক হামলার ঘটনায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।