চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নাফিয়া সুলতানা তনিমা নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর অর্পণাচরণ উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তনিমা ওই বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বিদ্যালয় সংলগ্ন একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধরের একপর্যায়ে দুর্বৃত্তরা তার কানের দুল ও গলার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুদ্দীন জানান, ছাত্রীটির শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ ঠেকিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং শঙ্কামুক্ত আছেন।

স্থানীয় বাসিন্দা মো. মহসিন হোসেন দিনের আলোয় এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সমাজসেবক আলহাজ মোস্তফা কামাল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের সংযোগ সড়কগুলোতে পুলিশের টহল জোরদার করার আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়ও একই দাবি জানিয়ে বলেন, তনিমা একজন মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্রী। তার ওপর হামলার ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখিত।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।