ঢাকা-চট্টগ্রাম রুটের জনপ্রিয় আন্তঃনগর ‘মহানগর এক্সপ্রেস’ (৭২১/৭২২) ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত করা হয়েছে। সোমবার থেকে ট্রেনটি সরাসরি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশে চলাচল শুরু করছে। রেলপথের এই নতুন সংযোগের ফলে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী—এই পাঁচ জেলার বাসিন্দারা প্রথমবারের মতো সরাসরি ট্রেনে চেপে কক্সবাজারে যাতায়াতের সুবিধা পাচ্ছেন।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে নতুন এই সম্প্রসারিত ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মন্ত্রী শেখ রবিউল আলম। এ উপলক্ষে কমলাপুর স্টেশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাঁর একটি মতবিনিময় কর্মসূচি রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

নতুন সময়সূচি অনুযায়ী, ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস প্রতিদিন সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। সেখানে ২০ মিনিটের যাত্রাবিরতি শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কমলাপুর পৌঁছাবে। অপর দিকে, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে রাত ৩টায় পুনরায় রওয়ানা হয়ে সকাল ৬টায় ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে। ৭০০-এর বেশি আসনবিশিষ্ট এই ট্রেনটির সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে রবিবার।

সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের নতুন এ সুযোগ ঘিরে যাত্রীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ। বর্ধিত চলাচলের টিকিট বিক্রি শুরু হওয়া মাত্রই প্রথম ও পরবর্তী দিনগুলোর সব টিকিট নিমেষেই শেষ হয়ে যায়। যাত্রীরা জানান, আগে চট্টগ্রাম গিয়ে বাস বা অন্য ট্রেন পরিবর্তন করে কক্সবাজার যেতে হতো, এতে অনেক কষ্ট ও সময় অপচয় হতো; নতুন এ সেবায় সময় ও ভোগান্তি দুটোই কমবে। উদ্বোধনী যাত্রার প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম-ঢাকা রুটের সোমবারের নিয়মিত যাত্রা বাতিল করে খালি ট্রেনটি রবিবার রাতেই ঢাকায় নিয়ে আসা হয়েছিল।

তবে নতুন সেবা চালু হলেও ট্রেনের শিডিউল বজায় রাখা নিয়ে যাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে। কারণ পুরো সেবাটি মাত্র একটি ‘রেক’ (একই ট্রেন দিয়ে যাওয়া-আসা) দিয়ে পরিচালনা করা হবে। ঢাকা ও কক্সবাজার প্রান্তে ইঞ্জিন পরিবর্তন, ধোয়ামোছা ও মেরামতের কাজের জন্য মাত্র দুই থেকে তিন ঘণ্টা সময় পাওয়া যাবে। ফলে পথিমধ্যে কোনো কারণে ট্রেন বিলম্বে চললে পরবর্তীতে নির্ধারিত সময়সূচি বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়তে পারে।