টানা দীর্ঘ ছুটির পর আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসহ মাদরাসাগুলোতে পুনরায় পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির ক্যালেন্ডার পর্যালোচনার ভিত্তিতে এই সময়সূচি নিশ্চিত করা হয়েছে।
শিক্ষার্থীরা দীর্ঘ ১০ দিনের ছুটির সুযোগ পেয়েছেন। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিগুলো মিলে এই বিরতি তৈরি হয়েছিল। গত ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই ছুটির আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। পরবর্তীতে ২২ অক্টোবর সরকারি ছুটি শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছিল।
তবে কলেজগুলোর ক্ষেত্রে ছুটির সময়সীমা কিছুটা ভিন্ন। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে কলেজগুলোতে ছুটি চলছে, যা ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১ নভেম্বর রোববার থেকে কলেজগুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে।