রোববার (২৫ অক্টোবর) রাতে পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দক্ষিণ এশিয়ার এই দুই দেশের একাধিক অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ১১০ কিলোমিটার (প্রায় ৬৮.৩৫ মাইল) গভীরতায় আঘাত হানে। সংস্থাটি শুরুতে এর মাত্রা ৫.৮ বলে ধারণা করলেও পরে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল এবং নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত আফগানিস্তানে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

একইভাবে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে পাকিস্তান থেকেও ক্ষয়ক্ষতির কোনো খবর আসেনি।