জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পাঁচ হেভিওয়েট নেতা। এদের মধ্যে রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। মোট সাতজন সাবেক মন্ত্রী ও এমপির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মামলার অপর আসামিদের তালিকায় রয়েছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই প্রতিবেদন জমা দিয়েছেন। বর্তমানে প্রতিবেদনটি যাচাই-বাছাই করা হচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিগগিরই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।