ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনের আগে ইরানে সামরিক কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা দেশটির সরকারের নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি স্পষ্ট করেছেন যে, নির্বাচনের আগে এ ধরনের কোনো হামলা চালানোর ইচ্ছা বা প্রস্তুতি ইসরায়েলের ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাৎজ ইরান ইস্যুতে রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে মতপার্থক্য থাকার খবরকেও ভিত্তিহীন ও মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান আইয়াল জামিরের মধ্যে কোনো ধরনের নজিরবিহীন বিরোধ নেই। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, নির্বাচনের আগে ইরানের সঙ্গে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে এমন একটি সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী কাৎজ এসব প্রতিবেদনকে পুরোপুরি প্রত্যাখ্যান করে বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি যে, এসব খবর সত্য নয়। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি ইসরায়েলে কোনো হামলা চালায়, তবে দেশটি তার অত্যন্ত শক্তিশালী জবাব দিতে প্রস্তুত।

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৪: ৫৯আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৪: ৫৯