জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। সোমবার মনোনয়নপত্র জমার নির্ধারিত দিনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে তিনি তার মনোনয়নপত্র পেশ করেন।

এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক। মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সংরক্ষিত এই আসনে তাকে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার আপিল করার সুযোগ থাকবে এবং কোনো আপিল থাকলে তা ২৯ অক্টোবর নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে।

তবে সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনের নিয়ম অনুযায়ী, এই আসনটি বিএনপিই পাবে। ফলে অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সুযোগ নেই। কোনো জটিলতা না থাকলে নিয়ম অনুযায়ী এলিজা জামানই নির্বাচিত হবেন। সেক্ষেত্রে ভোটের তারিখ পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না; যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তির আনুষ্ঠানিকতা শেষেই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।