নাটোরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাত ৮টা ১০ মিনিটে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। নিহত শাকিল ইসলাম গুরুদাসপুরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে শাকিল চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেট পরা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। হামলা থেকে বাঁচতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে তাঁকে ধাওয়া করে।
ঘটনার পরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।