পাবনার ঈশ্বরদীতে পৃথক অভিযানে মাদক সেবন এবং অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান সূত্রে জানা যায়, নতুনহাট বাজারের ইমামুল ড্রাগ হাউজ নামের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে মো. শহীদুল ইসলাম (৪২) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পিয়ারাখলী গ্রামের আব্দুর রহমানের ছেলে শহীদুলের দোকান থেকে ১০ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ৫০০টি জিনসেং নামের যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিনে মানিকনগর পাঠশালার মোড় এলাকায় অপর একটি অভিযানে রায়হান উদ্দিন জনি (৪০) নামের এক ব্যক্তিকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। মানিকনগর গ্রামের আবেদ আলী বিশ্বাসের ছেলে রায়হান উদ্দিন জনিকে নিজ বসতবাড়িতে মাদক সেবনের সময় গ্রেপ্তার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 'খ' সার্কেলের পরিদর্শক আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আদালত উভয় ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।