চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় প্রাণ হারিয়েছেন ৫ যাত্রী। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লরির চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাপলা পরিবহণের একটি বাসে করে যাত্রীরা চট্টগ্রাম থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিলেন। যাত্রাপথে কুমিরা এলাকায় পৌঁছালে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় বাস থেকে নেমে যাত্রীরা সড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সেই মুহূর্তে একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের চাপা দেয়।
এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।