আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। গত ১৯ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (২৬ অক্টোবর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই বিজ্ঞপ্তিতে সই করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে যারা এলএলবি অধ্যয়নরত আছেন, তাদের স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে এই নতুন বয়সসীমা অবিলম্বে কার্যকর করা হচ্ছে না। নতুন এই নিয়ম আগামী ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

নির্ধারিত তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রমে এই নতুন বয়সসীমা কঠোরভাবে অনুসরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।