বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার নতুন 'রোডস্টার' মডেলের আন্ডারবডি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশি প্রকৌশলী তারেক সরোয়ার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক এই শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালে ইন্টার্নশিপ করার সময় গাড়িটির অবকাঠামোগত স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে কাজ করেন। সেই কাজের তিন বছর পর গাড়িটির পূর্ণাঙ্গ রূপ দেখে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

তারেক সরোয়ার বুয়েটের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন। ২০২৩ সালে টেসলায় ইন্টার্ন হিসেবে যোগ দেওয়ার পর নতুন রোডস্টার মডেলের আন্ডারবডির দীর্ঘমেয়াদি কার্যকারিতা মূল্যায়ন ও জটিল গাণিতিক বিশ্লেষণ ছিল তার প্রধান দায়িত্ব। গাড়িটির যন্ত্রাংশটির চূড়ান্ত নকশা তৈরিতে তার সেই গাণিতিক বিশ্লেষণ ও মূল্যায়ন থেকে প্রাপ্ত ফলাফল ব্যবহার করা হয়েছিল।

অটোমোবাইল শিল্পে নতুন গাড়ি বাজারজাতকরণের পেছনে থাকে দীর্ঘমেয়াদি গবেষণা, নানামুখী পরীক্ষা-নিরীক্ষা ও জটিল প্রকৌশলগত হিসাবনিকাশ। বাহ্যিক নকশা ও বাহারি রূপ যতটা নজর কাড়ে, যানবাহনের ভেতরের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো অনেকটাই নেপথ্যে থেকে যায়। টেসলার মতো শীর্ষ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রকৌশলভিত্তিক সেই অদৃশ্য কর্মপ্রক্রিয়ার বাস্তব চিত্রই প্রকাশ্যে এনেছেন তারেক সরোয়ার।