দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। বুলেটিনের তথ্যমতে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন। সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০০ জনে।