কুমিল্লার বুড়িচংয়ে নিজের বাড়ির ঠিকানা গুদাম হিসেবে দেখিয়ে সারের ডিলারশিপ পেয়েছেন যুবলীগ নেতা নজরুল ইসলাম। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের সাথে যুক্ত থেকেও তারা ডিলারশিপ পাননি, অথচ যুবলীগ নেতার নাম দেখে তারা হতবাক হয়েছেন।

বিএনপির স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের দাবি, অবিলম্বে যুবলীগ নেতা নজরুল ইসলামের এই ডিলারশিপ বাতিল করতে হবে। তারা আবেদনকারী ত্যাগী নেতাকর্মীদের মধ্য থেকে ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, সারের ডিলারশিপের জন্য নজরুল ইসলাম যে গুদামের ঠিকানা দিয়েছেন, সেটি অত্যন্ত দুর্গম একটি অজপাড়াগাঁয়ে অবস্থিত, যেখানে যানবাহন চলাচল খুবই কঠিন। ডিলারশিপ পাওয়ার পরপরই তিনি সেই গুদাম বর্ধিত করার কাজ শুরু করেছেন। স্থানীয়দের মনে প্রশ্ন জেগেছে, কারা তার সেই গুদাম পরিদর্শন করেছিলেন এবং কীভাবে এমন দুর্গম এলাকার গুদাম অনুমোদন পেল?

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম এই নিয়োগের বিষয়ে বলেন, সারের ডিলারশিপ পাওয়া নজরুল ইসলাম যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং তার সাথে সাবেক আওয়ামী লীগ এমপি হাসেম খানের ছবিও দেখা গেছে।

এ বিষয়ে বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয় থেকে তাদের জানানো হয়েছে যে বর্তমানে সারের ডিলারশিপ স্থগিত করা হয়েছে।