জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত বিখ্যাত ‘নিটসু লজিস্টিকস হাব’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি এই লজিস্টিকস হাবে পৌঁছান এবং সার্বিক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন পরিদর্শনের এই তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারের উচ্চপর্যায়ের একাধিক মন্ত্রী, উপদেষ্টা ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়া প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় প্রতিনিধিদলে আরও যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী, পররাষ্ট্রসচিব এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।