বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী আন্দোলনের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা দেশে ইসলামের বিজয়ের পূর্বাভাস। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী আয়োজিত ‘২৮ অক্টোবর ২০০৬: আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছাত্রশিবিরের অতীতের নেতৃত্বের স্মৃতিচারণ করে মিয়া গোলাম পরওয়ার জানান, শিবিরের কেন্দ্রীয় সভাপতিরা অতীতে বলতেন—‘আমরা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতব, ডাকসুতে বিজয়ী হব, সেদিন বাংলাদেশে ইসলাম বিজয়ী ও প্রতিষ্ঠিত হবে।’ তিনি দাবি করেন, বর্তমানে ডাকসুসহ দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের সাফল্যের মধ্য দিয়ে সেই ঐতিহাসিক অঙ্গীকার বাস্তবায়নের স্পষ্ট আলামত দেখা যাচ্ছে।

২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করে তিনি বলেন, সেদিন আওয়ামী লীগ, ১৪ দল ও বামপন্থীরা লগি-বৈঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে পৈশাচিক হামলা চালিয়েছিল। তৎকালীন জামায়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামী যখন মঞ্চে ছিলেন, তখন শিবিরের তরুণ কর্মীরা বুক দিয়ে মানবঢাল তৈরি করেছিলেন। তারা রক্ত দিয়ে বাতিলের রক্তচক্ষুর সামনে মাথা নত করেননি।

তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার পর দেশে এক-এগারোর অগণতান্ত্রিক সরকার ও দীর্ঘ স্বৈরশাসনের পথ প্রশস্ত হয়েছিল। পরবর্তীতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা ও জামায়াত নেতাদের বিচারিক হত্যার মাধ্যমে দেশে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করা হয়েছিল। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা সেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে কোনো আপস বা সমঝোতার জন্য নয়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চায়, তবে জনগণ তাদেরও ক্ষমা করবে না। তিনি অবিলম্বে ২৮ অক্টোবরের ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডিসহ গত দেড় দশকের সব হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান।

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৬: ৫৬আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৬: ৫৮