প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি জাপান সফরের তৃতীয় দিন বুধবারে টোকিওতে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি এবং একটি অভিপ্রায়পত্র (এলওআই) সই হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, এসব চুক্তি ও সমঝোতার মাধ্যমে ঢাকা ও টোকিওর মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও জোরদার হবে।

স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিতে টহলজাহাজ সরবরাহের জন্য একটি অনুদান চুক্তি রয়েছে। এছাড়া বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। পাশাপাশি দক্ষতা উন্নয়ন কর্মসূচি (ইএসডিপি) বাস্তবায়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পৃথক দুটি সমঝোতা স্মারক সই হয়। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে একটি অভিপ্রায়পত্র সই হয়েছে।

এর আগে সফরের বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছিল, যার মধ্যে চারটির মতো সই হতে পারে। গত সোমবার সরকারি সফরে জাপানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী সফরসঙ্গী হিসেবে রয়েছেন। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রীর জাপান সফরবিষয়ক এক ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, দুই দেশের মধ্যে ৮টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রয়েছে। যারমধ্যে ৩ থেকে ৪টি সই হতে পারে। প্রসঙ্গত, গত সোমবার সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন তিনি।