মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের অন্যতম শীর্ষ সামরিক পরিকল্পনাকারীকে তার পদ থেকে বরখাস্ত করেছেন। বরখাস্ত হওয়া এই কর্মকর্তার নাম ব্রেট সিলভিয়া, যিনি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতি বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যা সামরিক মহলে 'জে-৫' নামে পরিচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করার কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি এবং তার স্থলাভিষিক্ত হিসেবে তাৎক্ষণিকভাবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ‘দ্য আটলান্টিক’ সংবাদমাধ্যমটি সবার আগে এই বরখাস্তের খবর প্রকাশ করে।

পিট হেগসেথের অধীনে এটি দ্বিতীয় কোনো জেনারেলকে বরখাস্তের ঘটনা। এর আগে গত অক্টোবরে লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকজন জেনারেলকে বরখাস্ত করা হয়েছে, যার সর্বশেষ সংযোজন ব্রেট সিলভিয়া। এমন এক সময়ে এই পরিবর্তন আনা হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আট মাস ধরে চলা যুদ্ধে ইরানে নতুন করে সামরিক হামলার কথা বিবেচনা করছেন।

জয়েন্ট স্টাফের একজন মুখপাত্র ব্রেট সিলভিয়ার ৩২ বছরের দীর্ঘ সামরিক সেবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার এবং তার পরিবারের মঙ্গল কামনা করেছেন।