সিরাজগঞ্জ জেলায় আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। মাঠজুড়ে সোনালি ধান আর কৃষকদের কর্মব্যস্ততায় এখন মুখর এলাকাগুলো। চলতি মৌসুমে জেলার প্রায় সব উপজেলাতেই রোপা আমনের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবার সিরাজগঞ্জে মোট ৭৬ হাজার ৮২৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন বেশ সন্তোষজনক হয়েছে। ধান কাটার পাশাপাশি বাড়ির আঙিনায় মাড়াইয়ের কাজও পুরোদমে শুরু করেছেন কৃষকরা। সোনালি ফসল ঘরে তোলার অপেক্ষায় তাদের মনে এখন আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।
উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের কৃষক হাবিউজ্জামান জানান, রোপা আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে এবং তিনি ইতিমধ্যে ধান কাটার কাজ শুরু করেছেন। সদর উপজেলার রতনকান্দি এলাকার কৃষক আবুল হোসেন জানান, ভালো ফলন পাওয়ায় কৃষকরা খুশি। তিনি আরও জানান, এই ধান কাটা শেষ হলে অনেক কৃষকই ওই জমিতে সরিষা আবাদের প্রস্তুতি নিচ্ছেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন জানান, উপজেলায় ১৪ হাজার ৩৬৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। সেখানেও ধান কাটা শুরু হয়েছে এবং ফলন ভালো হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা জানান, প্রতিকূলতাহীন আবহাওয়ার কারণে জেলায় এবার রোপা আমনের ফলন বেশ ভালো হয়েছে।