ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা শিবা শানু এবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। তাকে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২(২) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তির শর্তানুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন তিনি। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এই নিয়োগ কার্যকর থাকবে। এছাড়া, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্ত দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত পরবর্তীতে চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হিসেবে যোগদানের শর্ত অনুযায়ী, তাকে শিল্পী সমিতির সভাপতির পদটি ছাড়তে হবে। তবে এই বিষয়ে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। অভিনেতা শিবা শানু (আসল নাম চৌধুরী মাজহার আলী) বেশ কিছুদিন ধরে অভিনয়ে কিছুটা অনিয়মিত হয়ে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে বেশি সময় ব্যয় করছেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় শিবা শানুর অভিষেক হয়। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন।